পাকিস্তানের রাওয়ালপিন্ডির লাল কুর্তি এলাকায় একটি বাড়ির বাথরুম থেকে হিনা জাভেদ নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, মরদেহটি হাত বাঁধা অবস্থায় ছিল। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে এবং নিহতের স্বামী ও এক গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সিভিল লাইনস থানার আওতাধীন এলাকায় ঘটনাটি ঘটে। নিহত হিনা জাভেদের প্রায় নয় মাস আগে ফয়সাল আসগরের সঙ্গে বিয়ে হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে করা এফআইআরে বলা হয়েছে, হিনার দুই হাত পেছনে বাঁধা এবং মুখে কাপড় জড়ানো ছিল। তার গলায় একটি তার প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া মুখ দিয়ে রক্ত ও ফেনা বের হওয়ার কথাও এফআইআরে উল্লেখ রয়েছে।
পরিবারের অভিযোগ
নিহতের পরিবারের অভিযোগ, হিনাকে নির্যাতনের পর তার স্বামী ফয়সাল আসগর, শ্বশুর আসগর আলী ও গৃহকর্মী জিশান হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন। পরিবারের পক্ষ থেকে আরও সন্দেহ করা হয়েছে, মৃত্যুর আগে হিনাকে বিষাক্ত কোনো পদার্থ খাওয়ানো হয়ে থাকতে পারে।
নিহতের ভাইয়ের দাবি, ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও হিনা পারিবারিক সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছিলেন।



