সিরিয়ার আলেপ্পো শহরে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। বুধবার (২৪ ডিসেম্বর) আলেপ্পোর শেখ মাকসুদ ও আল-আশরাফিয়াহ এলাকায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আসায়িশ এবং সরকারি বাহিনীর উপস্থিতিতে টানটান অবস্থা বিরাজ করে।
আসায়িশ হলো উত্তর ও পূর্ব সিরিয়ার স্বায়ত্তশাসিত প্রশাসনের অধীনে পরিচালিত একটি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী, যা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সঙ্গে সমন্বয় করে কাজ করে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই দুই এলাকা ও আশপাশের বেশ কয়েকটি পরিবার নিরাপদ স্থানে সরে গেছে। যদিও সরকারি বাহিনী সাধারণ মানুষকে এলাকা ছাড়ার অনুমতি দিয়েছে, তবে তাদের পুনরায় ফিরে আসতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন এলাকায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
আল-আশরাফিয়াহ এলাকার বাসিন্দা সালমা আল-শেখ জানান, গোলাগুলির মাত্রা কমলেও দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা এখনো বিরাজমান। এলাকাজুড়ে নতুন চেকপোস্ট স্থাপন এবং কংক্রিটের ব্যারিকেড বসানো হয়েছে।
এক গণমাধ্যমকর্মীর তথ্যমতে, সাম্প্রতিক সংঘর্ষের পর থেকে ওই দুই এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। অনেক পরিবার আফরিনসহ আশপাশের অন্য এলাকায় আশ্রয় নিয়েছে।
আলেপ্পোর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংঘর্ষে এ পর্যন্ত চারজন বেসামরিক নাগরিক নিহত এবং নয়জন আহত হয়েছেন। অন্যদিকে এসডিএফ দাবি করেছে, আহত বেসামরিকের সংখ্যা ১৭ জন এবং একজন নারী নিহত হয়েছেন।
সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও অনিশ্চিত পরিস্থিতির কারণে এলাকাজুড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।



