tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে টানা পঞ্চমবারের মতো ব্যয় বিল পাসে ব্যর্থ সিনেট, শাটডাউন অব্যাহত

যুক্তরাষ্ট্রে টানা পঞ্চমবারের মতো ব্যয় বিল পাসে ব্যর্থ সিনেট, শাটডাউন অব্যাহত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারে অচলাবস্থা কাটাতে প্রয়োজনীয় ব্যয় বিল টানা পঞ্চমবারের মতো পাস করাতে ব্যর্থ হয়েছে সিনেট। সোমবার রাতে অনুষ্ঠিত ভোটে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই পক্ষেরই প্রস্তাব পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় বাতিল হয়। ফলে শাটডাউন পঞ্চম দিনের মতো অব্যাহত রয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বিল পাসে প্রয়োজনীয় ৬০ ভোটের সীমা কোনো পক্ষই ছুঁতে পারেনি। ডেমোক্র্যাটদের বিল ৪৫-৫০ ভোটে এবং রিপাবলিকানদের বিল ৫২-৪২ ভোটে প্রত্যাখ্যাত হয়।

ডেমোক্র্যাটরা ব্যয় বিলের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতকে গুরুত্ব দিতে চায়, যেখানে রিপাবলিকানরা চায় নিরেট ও অগ্রাধিকারহীন ব্যয় পরিকল্পনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সমঝোতার পক্ষে, তবে আগে সরকার সচল করা জরুরি। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, “আমি ডেমোক্র্যাটদের ব্যর্থ স্বাস্থ্যনীতি নিয়েও আলোচনা করতে রাজি, কিন্তু প্রথমে শাটডাউন শেষ করতে হবে।”

ডেমোক্র্যাটদের দাবি, রিপাবলিকানদের প্রস্তাব পাস হলে নিম্ন-আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সংকুচিত হবে। তারা মেডিকেইড কর্মসূচি পুনরুদ্ধার ও স্বাস্থ্যবিমা ভর্তুকি বজায় রাখার পক্ষে। অন্যদিকে রিপাবলিকানরা অভিযোগ করেছে, “অবৈধ অভিবাসীদের” জন্য স্বাস্থ্যসেবা দিতে গিয়েই ডেমোক্র্যাটরা সরকার অচল করে রেখেছে—যা ডেমোক্র্যাটরা অস্বীকার করেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সতর্ক করে বলেন, শাটডাউন চলতে থাকলে কেন্দ্রীয় কর্মীদের স্থায়ীভাবে ছাঁটাইয়ের ঝুঁকি রয়েছে। তিনি বলেন, “আলোচনার আর কিছু নেই—শুধু সরকার সচল করুন।”

ট্রাম্পও হুঁশিয়ারি দিয়েছেন, সিনেট আবার ব্যর্থ হলে কর্মী ছাঁটাই শুরু হবে। ইতোমধ্যে হাজারো সরকারি কর্মী বিনা বেতনে কাজ করছেন। তবে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার দাবি করেছেন, ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনাই চলছে না।

এদিকে হোয়াইট হাউসের বাজেট দপ্তর ইতোমধ্যে ছাঁটাই প্রক্রিয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানিয়েছে প্রশাসন।