ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হলে তবেই বাংলাদেশ অংশ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারত বাংলাদেশি ক্রিকেটারদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেনি। যারা একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা একটি পুরো দল কিংবা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে—সে বিষয়ে আমাদের গুরুতর উদ্বেগ রয়েছে।” এই পরিস্থিতিতে বাংলাদেশ নিরপেক্ষ ভেন্যুতেই বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বলে জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর ভারত সফর নিয়ে উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি ভারতে দল না পাঠিয়ে শ্রীলঙ্কায় ভেন্যু স্থানান্তরের দাবিও জানানো হয়।



