ইরানে গত দুই দিনে প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ও বক্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এসব পদক্ষেপ চলমান সমঝোতা লঙ্ঘনের ইঙ্গিত বহন করে এবং ওয়াশিংটনের যুদ্ধমুখী নীতিরই ধারাবাহিকতা। এছাড়া ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হামলাকে তিনি জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তভঙ্গ হিসেবে উল্লেখ করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই ফোনালাপে আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সম্ভাব্য যেকোনো বেপরোয়া পদক্ষেপ সম্পর্কে সতর্ক করেন।
একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ইরান আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত।



