যাত্রীদের হয়রানি ও ভোগান্তি কমাতে দেশের সব বিমানবন্দরে বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমান ও ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করতেও নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ।
বৃহস্পতিবার জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবৈধ টিকিট সিন্ডিকেট এবং অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১১ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রে টিকিটে বিক্রয়মূল্য লেখা বাধ্যতামূলক করা হলেও, অনেক ট্রাভেল এজেন্সি তা মানছে না, ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে:
- প্রতিটি এয়ার টিকিটে স্পষ্টভাবে এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয়মূল্য উল্লেখ করতে হবে।
- যাত্রীদের টিকিট কেনার সময় এই তথ্যগুলো যাচাই করে টিকিট কিনতে হবে।
- অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি থেকে কোনোভাবেই টিকিট কেনা যাবে না।
এছাড়া, কোনো ট্রাভেল বা এয়ারলাইন্স এজেন্সি যদি টিকিট সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকে বা অতিরিক্ত দাম নেয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
মন্ত্রণালয়ের আশা, এসব উদ্যোগের ফলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় এবং হয়রানি উল্লেখযোগ্যভাবে কমবে।



