রাজধানীর শাহবাগ এলাকায় মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ৭০ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলা থেকে অব্যাহতি দেন। বিষয়টি আদালতের পেশকার রিয়াজ চৌধুরি নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন—বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নিরব ও সুলতান সালাহ উদ্দিন টুকু।
অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ১১ ডিসেম্বর হাইকোর্ট মাজার গেইট সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ছিল হাইকোর্টে। এ ঘটনায় শাহবাগ থানার এসআই ইদ্রিস আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে চলতি বছরের ১০ মে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে আসামিদের অব্যাহতির সুপারিশ করে।



