tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, একটি সুস্থ, উদ্যমী ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সরকার ক্রীড়াকে শুধু শরীরচর্চা, বিনোদন বা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জাতীয় শিক্ষা কারিকুলামে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করারও উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া মানবসম্পদ উন্নয়ন, জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে সরকার ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি জানান, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর উদ্বোধন করা হয়। দেশের বিভিন্ন স্থানে আটটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

তারেক রহমান বলেন, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ একটি কার্যকর ও টেকসই ভিত্তি তৈরি করবে। আজকের শিশু-কিশোররাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ, শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং ইতিবাচক মূল্যবোধে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ক্রীড়া মানুষের মধ্যে শৃঙ্খলা, অধ্যবসায়, নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের মতো গুণাবলি তৈরি করে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ, পরিচর্যা ও বিকাশের জন্য একটি জাতীয় কাঠামো গড়ে উঠছে।

প্রধানমন্ত্রী জানান, দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে প্রতিভাবান খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এমন একটি ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যেখানে প্রতিভা, পরিশ্রম ও যোগ্যতাই সাফল্যের মূল ভিত্তি হবে।

তিনি আরও জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ আসরে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত করা হবে। এতে ইভেন্টের সংখ্যা বেড়ে ১০টিতে দাঁড়াবে। একই সঙ্গে আরও বেশি প্রতিভাবান খেলোয়াড়কে সুযোগ দিতে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২-১৪ বছর থেকে বাড়িয়ে ১০-১৪ বছর নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর খুদে খেলোয়াড়রাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে গৌরবের সঙ্গে তুলে ধরবে এবং দেশের জন্য সাফল্য বয়ে আনবে।

পোস্টের শেষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এ অংশগ্রহণকারী সব খুদে ক্রীড়াবিদ, প্রশিক্ষক, বিচারক, আয়োজক, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন তিনি।