যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের একটি জনপ্রিয় খাবার উৎসবে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে একটি ছোট শিশুও রয়েছে। হামলার পর উৎসবস্থলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার সন্ধ্যায় বিখ্যাত ‘স্পেস নিডল’ টাওয়ারের কাছে সিয়াটল সেন্টারে চলা ‘বাইট অব সিয়াটল’ খাবার উৎসবে এ হামলার ঘটনা ঘটে। সিয়াটল অগ্নিনির্বাপণ বিভাগের এক মুখপাত্র জানান, গুলিতে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে উৎসবের মধ্যে গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ, দমকলকর্মী ও জরুরি সেবাকর্মী ঘটনাস্থলে পৌঁছান। পরে পুরো এলাকা খালি করে নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে নগরীর কেন্দ্রের উত্তর-পশ্চিমে অবস্থিত ওই এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।
হারবারভিউ মেডিক্যাল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানান, হাসপাতালে চারজন আহতকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একটি ছোট শিশু, ২৩ বছর বয়সী এক তরুণ এবং দুজন প্রাপ্তবয়স্ক নারী রয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
ঘটনার সময় উৎসবে উপস্থিত ছিলেন এস্তান ওয়াকোনাবো। তিনি জানান, বান্ধবীকে সঙ্গে নিয়ে একটি ছবি তোলার বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পেছন থেকে ধাক্কা লাগলে ঘুরে তাকিয়ে দেখেন, আতঙ্কিত মানুষজন প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন।
ওয়াকোনাবো বলেন, অনেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে অনেকে মাটিতে পড়ে যান, এমনকি শিশুদের ঠেলাগাড়িও উল্টে যায়। এরপর তিনি গুলির শব্দ শুনতে পান। গুলির শব্দ শুনেই তিনি বুঝতে পারেন, একজন বন্দুকধারী হামলা চালাচ্ছে। পরে তিনি প্রথমে বান্ধবীকে নিরাপদ স্থানে নিয়ে যান এবং আবার ঘটনাস্থলে ফিরে এসে মাটিতে পড়ে থাকা কয়েকজন আহত ব্যক্তিকে দেখতে পান।
‘বাইট অব সিয়াটল’ সিয়াটল শহরের অন্যতম বড় খাবার উৎসব। আয়োজকদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৮২ সালে এ উৎসবের যাত্রা শুরু হয়। প্রতিবছর তিন দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ধরনের খাবার, পানীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ অংশ নেন।



