তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রংপুরের কাউনিয়ায় তিস্তা রক্ষা আন্দোলনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা ব্রিজপারে মশাল প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও তিস্তা রক্ষা আন্দোলনের সহ-সমন্বয়ক আলহাজ এমদাদুল হক ভরসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান মিয়া এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম।
বক্তারা বলেন, তিস্তা নদী আজ অস্তিত্ব সংকটে। পানিশূন্যতা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার তাদের জীবিকা হারিয়েছে। কৃষি, মাছ ও পরিবেশের উপর এর ভয়াবহ প্রভাব পড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি।
তারা আরও বলেন, দেশি-বিদেশি চাপ উপেক্ষা করে সরকারকে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। “তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে” স্লোগানে শত শত মশাল প্রজ্বলিত হয় কর্মসূচিতে।
শেষে তিস্তা রক্ষা আন্দোলনের নেতারা ঘোষণা দেন, নদী ও মানুষের স্বার্থে এই আন্দোলন চলমান থাকবে। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মী অংশগ্রহণ করেন।



