মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে কংগ্রেসের ফ্লোরে উত্তপ্ত বিতর্কের একপর্যায়ে আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতি ও চুল টানাটানির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নারী আইনপ্রণেতারা কংগ্রেস কক্ষের সামনে একটি পডিয়াম দখলকে কেন্দ্র করে প্রথমে তর্কে জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ধাক্কাধাক্কি এবং পরে চুল টানাটানিতে রূপ নেয়। এ সময় অন্য আইনপ্রণেতারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, মেক্সিকো সিটির স্বচ্ছতা তদারকি সংস্থার সংস্কার নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এ উত্তেজনার সৃষ্টি হয়। ডানপন্থী ন্যাশনাল অ্যাকশন পার্টি (পিএএন) অভিযোগ করে, বামপন্থী ও ক্ষমতাসীন মোরেনো পার্টির আচরণের প্রতিবাদ জানিয়ে তারা পডিয়ামে অবস্থান নিয়েছিল।
পিএএনের সদস্যরা পডিয়াম ছাড়তে অস্বীকৃতি জানালে মোরেনো পার্টির আইনপ্রণেতারা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির সূত্রপাত হয় বলে জানানো হয়েছে। ঘটনার পর উভয় দলই সহিংসতার নিন্দা জানালেও কে আগে উসকানি দিয়েছে—তা নিয়ে একে অপরকে দায়ী করেছে।
সংবাদ সম্মেলনে পিএএনের সহকারী আন্দ্রেস আতাইদে দাবি করেন, তারা শান্তিপূর্ণভাবেই পডিয়ামে অবস্থান নিয়েছিলেন এবং কাউকে স্পর্শ করেননি। তবে সংখ্যাগরিষ্ঠ দল ও তাদের মিত্ররা বলপ্রয়োগ করে নিয়ন্ত্রণ পুনর্দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পিএএনের আইনপ্রণেতা দানিয়েলা আলভারেজ বলেন, এ ধরনের আচরণ শুধু অশালীন ও আগ্রাসীই নয়, বরং দুঃখজনক যে ক্ষমতাসীন দলের পক্ষ থেকেই এমন ঘটনা ঘটেছে।
ঘটনার পর মেক্সিকোর রাজনীতিতে সংসদের ভেতরে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও রাজনৈতিক সহনশীলতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সূত্র: ফক্স নিউজ



