বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে বর্তমান সময়ের বিশ্বের সেরা তিন স্পিনারের একজন মনে করেন পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদ। বাংলাদেশ দলের সঙ্গে বর্তমানে কাজ করা এই স্পিন কিংবদন্তি সম্প্রতি উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পছন্দের তিন স্পিনারের তালিকায় তাইজুলের সঙ্গে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও ইংল্যান্ডের আদিল রশিদকে।
তবে অস্ট্রেলিয়ার নাথান লায়নকেও এই তালিকায় রাখতে চান মুশতাক। ওয়ানডে দলে লায়নকে না রাখায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘নাথান লায়ন ওয়ানডে খেলে না—এতে আমি বিস্মিত। সে এখনও চাইলে ওয়ানডে খেলতে পারত। জানি না অস্ট্রেলিয়া কেন কখনো তাকে বিবেচনা করেনি।’
তাইজুল, মহারাজ ও রশিদকে এগিয়ে রাখার কারণও ব্যাখ্যা করেছেন মুশতাক। তিনি বলেন, ‘তাইজুলের ২৭০-এর বেশি উইকেট আছে। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ, ইংল্যান্ডের আদিল রশিদসহ অনেকেই আছেন, যারা সাদা বলের ক্রিকেটেও নিজেদের সেরাটা দিচ্ছে। লায়নের সময় হয়তো পেরিয়ে গেছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো বোলিং করাকেই একজন স্পিনারের অন্যতম বড় গুণ মনে করেন মুশতাক। তার মতে, বর্তমান সময়ে ব্যাটারদের টেকনিক বুঝে তাদের চ্যালেঞ্জ করতে পারেন—এমন স্পিনারদের গুরুত্ব অনেক বেশি।
মুশতাক বলেন, ‘ধারাবাহিকভাবে ভালো ওভার করতে পারে এমন বাঁহাতি স্পিনার যদি আপনি দেখেন, আবারও বলি, ধারাবাহিকভাবে ভালো ওভার… এখন অন্যদের টেকনিক ধরা যায়, চ্যালেঞ্জ করা যায়। যে তিনজনের কথা বললাম, আন্তর্জাতিক ক্রিকেটে তারা খুবই ভালো।’



