tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনমিমির বিয়ের গুঞ্জনে সৃজিতের ভাবনা, ‘ফিশ ওরলি থাকবে তো?’

মিমির বিয়ের গুঞ্জনে সৃজিতের ভাবনা, ‘ফিশ ওরলি থাকবে তো?’

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়েকে ঘিরে নতুন করে সরগরম বিনোদন অঙ্গন। ৩৭ বছর বয়সি এই অভিনেত্রী শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। জানা গেছে, মিমির কথিত হবু বর অভিনয় জগতের কেউ নন; তিনি ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা, নাম সিদ্ধার্থ। তবে বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কোনো নিশ্চিত ঘোষণা দেননি মিমি।

বিনোদন অঙ্গনের বাইরে নৌবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে মিমির নতুন জীবন শুরুর খবর ছড়িয়ে পড়ায় টালিপাড়ায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে, খুব শিগগিরই নিজের ব্যক্তিগত জীবনের এই বিশেষ খবর ভক্ত-অনুরাগীদের সামনে আনতে পারেন অভিনেত্রী।

গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের দুর্গাপূজার পর আইনিভাবে বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন মিমি। এরপর নভেম্বর মাসে রেজিস্ট্রি এবং ডিসেম্বরেই বিয়ের মূল আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ের আমন্ত্রণপত্র বিতরণও শুরু হয়েছে বলে জানা গেছে।

এরই মধ্যে নিজের নতুন সিনেমা ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মিমি। সম্প্রতি ছবিটির গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই স্বাভাবিকভাবেই উঠে আসে তার বিয়ের প্রসঙ্গ।

অনুষ্ঠানে মিমির বিয়ের খবর নিয়ে সরাসরি মন্তব্য না করে বিয়ের খাবারের মেন্যু নিয়েই রসিকতা করেন নির্মাতা সৃজিত মুখার্জি। বিষয়টি শুনে মিমি প্রশ্ন করেন, ‘আমার বিয়ে নিয়ে কথা কেন হচ্ছে?’

জবাবে সৃজিত পরিষ্কার করে জানান, তিনি মিমির বিয়ে নিয়ে নয়, বরং সম্ভাব্য বিয়ের খাবারের তালিকা নিয়েই আগ্রহী। মিমির বিয়েতে কী কী খাবার থাকবে, সেটিই তার মূল চিন্তার বিষয় বলে মজা করেন পরিচালক।

সৃজিত বলেন, বিয়ে কার সঙ্গে হবে তা নিয়ে অন্যরা আলোচনা করলেও তার ভাবনা খাবারের মেন্যু ঘিরে। ফিশ ফ্রাই হলে সেখানে ‘ফিশ ওরলি’ থাকবে কি না, আর মাটন থাকলে সেটি ভুনা নাকি কষা হবে—এসব নিয়েই তার কৌতূহল।

নির্মাতার এমন মন্তব্যে কিছুটা অবাক হয়ে মিমি জানান, তিনি নিরামিষভোজী। অভিনেত্রীর এ কথায় পাল্টা বিস্ময় প্রকাশ করেন সৃজিত। তিনি জানতে চান, মিমির নিজের বিয়েতে তাহলে আমিষ খাবারের কোনো আয়োজনই থাকবে না কি না।

রসিকতার সুরেই সৃজিত মিমিকে বলেন, গণমাধ্যমের সামনে তাকে নিজেই ঘোষণা দিতে হবে যে তার বিয়ের মেন্যুতে কোনো আমিষ খাবার থাকবে না।