tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন১০ বছরে জয়, জন্মদিনে আব্রামকে শাকিব-অপুর শুভেচ্ছা

১০ বছরে জয়, জন্মদিনে আব্রামকে শাকিব-অপুর শুভেচ্ছা

ঢালিউড তারকা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয় ১০ বছরে পা দিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ছিল তার জন্মদিন। বিশেষ এই দিনে ছেলেকে ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন তার বাবা-মা দুজনেই।

শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। তবে ক্যারিয়ারের বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘদিন তাদের দাম্পত্যের খবর প্রকাশ্যে আনেননি তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের ছেলে আব্রাম খান জয়।

সন্তান জন্মের প্রায় এক বছর পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে নিজের বিয়ে ও সন্তানের কথা জানান অপু বিশ্বাস। তার এই প্রকাশ্য ঘোষণার পর শাকিব-অপুর ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এরপর থেকেই জয়ও পরিচিত হয়ে ওঠে সাধারণ মানুষের কাছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে তৈরি হয় অসংখ্য ফেসবুক পেজ ও গ্রুপ। এমনকি বিভিন্ন সময়ে অনেক তারকার তুলনায় জয়কে নিয়ে নেটিজেনদের আগ্রহ ও আলোচনা ছিল বেশি।

জয়ের জন্মদিন উপলক্ষে রাতের প্রথম প্রহরেই শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। নিজের সঙ্গে ছেলের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে আবেগঘন বার্তায় অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

অন্যদিকে ছেলে জয়ের জন্মদিনে তার একক একটি ছবি প্রকাশ করেছেন শাকিব খানও। ছবিতে কালো পাঞ্জাবির সঙ্গে কালো কটি পরা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় জয়কে।

ছবিটির সঙ্গে ছেলেকে উদ্দেশ করে শাকিব খান লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

বাবা-মায়ের আলাদা দুটি শুভেচ্ছাবার্তায় জন্মদিনে আবারও আলোচনায় এসেছে শাকিব-অপু দম্পতির সন্তান আব্রাম খান জয়।