-
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৃথক দুই এলাকায় অভিযান চালিয়ে ১৬৪ বাংলাদেশিসহ ২৫২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
শনিবার ভোরে ইউএসজে ২৩ ও ক্লাংয়ের কমপ্লেক্স পাসার বেসার মেরু এলাকায় এ সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৭১০ জন বিদেশির কাগজপত্র ও বৈধতা যাচাই করা হয়েছে।
অভিযানের সময় আটক এড়াতে কয়েক ডজন অবৈধ অভিবাসী পাশের একটি পরিত্যক্ত খনির এলাকায় পালিয়ে আশ্রয় নেন। কেউ কেউ খাটের নিচে লুকিয়েও নিজেদের আড়াল করার চেষ্টা করেন।
আটক ২৫২ জনের মধ্যে ১৬৪ বাংলাদেশি
সেলাঙ্গর ইমিগ্রেশনের উপপরিচালক (নিয়ন্ত্রণ) মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে।
আটকদের মধ্যে রয়েছেন:
- ১৬৪ জন বাংলাদেশি
- ৫৭ জন মিয়ানমারের নাগরিক
- ২৪ জন ইন্দোনেশিয়ার নাগরিক
- ৩ জন ভারতের নাগরিক
- ৩ জন নেপালের নাগরিক
- ১ জন পাকিস্তানের নাগরিক
আটক বাংলাদেশিদের সবাই পুরুষ। মিয়ানমারের ৫০ জন পুরুষ ও ৭ জন নারী এবং ইন্দোনেশিয়ার ১৬ জন পুরুষ ও ৮ জন নারীও রয়েছেন। ভারতের তিনজন, নেপালের তিনজন এবং পাকিস্তানের একজনও পুরুষ।
যেসব অনিয়ম পাওয়া গেছে
রাত ১টা ৫৫ মিনিটের দিকে শুরু হওয়া অভিযানে সেলাঙ্গর ও পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের সদস্যদের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ, জাতীয় মাদকবিরোধী সংস্থা এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা অংশ নেন।
অভিযানে বিদেশিদের মধ্যে বৈধ ভ্রমণ নথি না থাকা, পাসের শর্ত লঙ্ঘন এবং অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থানসহ বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়।
মোহাম্মদ খুসাইরি বলেন, অভিবাসন আইন লঙ্ঘনকারীদের শনাক্ত, আটক, আদালতে সোপর্দ এবং প্রয়োজন হলে দেশ থেকে বহিষ্কারের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।
তিনি নিয়োগকর্তা ও সাধারণ মানুষকে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সুরক্ষা না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য থাকলে তা ইমিগ্রেশন বিভাগকে জানানোর অনুরোধ করেন।
আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী তদন্ত চলছে।



