tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনমার্শাল আর্টে মজে শোভিতা, প্রশ্ন—‘ছেলেরা একাই সব মজা নেবে কেন?’

মার্শাল আর্টে মজে শোভিতা, প্রশ্ন—‘ছেলেরা একাই সব মজা নেবে কেন?’

দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে এবার দেখা যাবে একেবারেই ভিন্ন অবতারে। তামিল পরিচালক পা রঞ্জিতের আসন্ন সিনেমা ‘ভেটুভাম’-এ অভিনয়ের পাশাপাশি মার্শাল আর্টের কঠিন প্রশিক্ষণ নিয়েছেন তিনি। নতুন এই অভিজ্ঞতা এতটাই উপভোগ করেছেন যে, আপাতত শাস্ত্রীয় নৃত্যের চেয়েও মার্শাল আর্টে বেশি আনন্দ খুঁজে পাচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি এনডিটিভির ‘যুব ২০২৬’ অনুষ্ঠানে নিজের এই অভিজ্ঞতার কথা জানান শোভিতা। সেখানেই রসিকতার সুরে তার প্রশ্ন, ‘ছেলেরা একাই সব মজা নেবে কেন?’

‘ভেটুভাম’ অ্যাকশন ও সায়েন্স-ফিকশন ঘরানার সিনেমা। তিনটি ভিন্ন সময়কে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। শোভিতার পাশাপাশি এতে অভিনয় করেছেন ভি আর দিনেশ ও আর্য।

ছবিতে কাজ করতে গিয়েই প্রথমবারের মতো মার্শাল আর্ট শেখার সুযোগ পান শোভিতা। ভারতীয় ঐতিহ্যবাহী বিভিন্ন মার্শাল আর্টের প্রতি আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, দেশে কালারিপায়াত্তুর মতো অসাধারণ সব মার্শাল আর্ট রয়েছে, যেগুলো সবারই একবার চেষ্টা করে দেখা উচিত।

শুধু শারীরিকভাবে নয়, এই প্রশিক্ষণ মানসিকভাবেও তাকে অনেক স্বস্তি দিয়েছে বলে জানান অভিনেত্রী। নিয়মিত অনুশীলনের ফলে চাপ ও মানসিক উত্তেজনা অনেকটাই কমেছে। পাশাপাশি নিজের শরীর ও মনের প্রতি নতুন ধরনের সচেতনতা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

শাস্ত্রীয় নৃত্যে আগে থেকেই প্রশিক্ষিত শোভিতাকে অনুষ্ঠানে প্রশ্ন করা হয়, নাচ ও মার্শাল আর্টের মধ্যে একটি বেছে নিতে হলে তিনি কোনটি রাখবেন।

জবাবে অভিনেত্রী জানান, এমন প্রশ্নের উত্তর তিনি নিজেও আগে ভাবেননি। তবে মার্শাল আর্টের অনুশীলনের সময় যে মানসিক স্বস্তি পেয়েছেন, সেটিই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। তাই আপাতত নাচের তুলনায় মার্শাল আর্টই তার কাছে বেশি উপভোগ্য হয়ে উঠেছে।

এরপরই মজার ছলে শোভিতা বলেন, ‘ছেলেরা একাই কেন সব মজা নেবে?’ তার এই মন্তব্যের মধ্য দিয়ে মূলত অ্যাকশন ও মার্শাল আর্টে নারীদের অংশগ্রহণ নিয়েই নিজের আগ্রহ প্রকাশ করেন অভিনেত্রী।

ছোটবেলা থেকেই নাচের সঙ্গে যুক্ত শোভিতা আরও বলেন, ছেলেরা যদি অ্যাকশন করতে পারে, তাহলে মেয়েরাই বা কেন পিছিয়ে থাকবে। নতুন অভিজ্ঞতার কারণে মার্শাল আর্টের প্রতি তার আগ্রহ এখন আরও বেড়েছে।

‘ভেটুভাম’ সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জি ভি প্রকাশ কুমার। অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন জনপ্রিয় স্টান্ট পরিচালক দিলীপ সুব্বরায়ণ। ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।