দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে মামা ও ভাগ্নির বিয়ের প্রচলিত রীতি নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। সম্প্রতি অভিনেত্রী রাধিকা আপ্তের একটি সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের সময় কীর্তির হাসি ও সম্মতিসূচক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। এবার সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে মামার সঙ্গে ভাগ্নির বিয়ের প্রচলন রয়েছে। বিশেষ করে বোনের মেয়েকে বিয়ে করার এই প্রথা ‘মামান কল্যাণম’ নামে পরিচিত। এ ধরনের বিয়েতে পাত্রকে বলা হয় ‘মুরাই মামান’।
সম্প্রতি দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে রাধিকা আপ্তে জানান, একটি তেলুগু সিনেমায় তাকে নিজের মামার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। এমন চরিত্রে অভিনয় করতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েছিলেন তিনি। এমনকি সিনেমাটির কোনো কিছুই তার ভালো লাগেনি বলে জানান অভিনেত্রী। ওই ছবিতে রাধিকার মামার চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী তারকা নন্দমুরি বালকৃষ্ণ। খবর আনন্দবাজার অনলাইনের।
রাধিকার বক্তব্যের সময় পাশে থাকা কীর্তি সুরেশ হেসে জানিয়েছিলেন, তামিল ও তেলুগু সংস্কৃতির কিছু অঞ্চলে এমন বিয়ের রীতি প্রচলিত রয়েছে। তার এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’র সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন কীর্তি। রাধিকার বক্তব্যের প্রতিবাদ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রথমে রাধিকা ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা বুঝতে পারেননি। পরে বিষয়টি পরিষ্কার হলে তিনি দক্ষিণ ভারতের প্রচলিত একটি সাংস্কৃতিক রীতির কথা ব্যাখ্যা করেন।
কীর্তির ভাষ্য, রাধিকা যখন সিনেমায় মামার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরছিলেন, তখন তিনি বিষয়টি বুঝতে পারেননি। পরে বুঝতে পারেন, রাধিকা তাদের সংস্কৃতির একটি প্রথার কথা বলছেন। এ বিষয়ে তার ধারণা না থাকায় কীর্তি শুধু জানিয়েছেন, দক্ষিণ ভারতের কিছু এলাকায় এমন রীতি রয়েছে।
অভিনেত্রী আরও বলেন, এ প্রথা তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে প্রচলিত থাকলেও কেরালায় এর চল নেই। কর্ণাটকে এমন রীতি রয়েছে কি না, সে বিষয়ে তার জানা নেই। উত্তর ভারতের কেউ দক্ষিণ ভারতের সংস্কৃতি সম্পর্কে না জানলে তাকে বিষয়টি বুঝিয়ে বলা যায়, তবে জোর করে কোনো কিছু প্রমাণ করা বা কাউকে কথা বলা থেকে বিরত রাখা সম্ভব নয়। রাধিকাকেও তিনি কেবল প্রচলিত রীতিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন।
রাধিকা এর আগে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একটি তেলুগু সিনেমায় তার অভিনীত চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। বিষয়টি তার কাছে অত্যন্ত অস্বস্তিকর ছিল এবং অনেক কষ্ট করে সেই চরিত্রে অভিনয় করতে হয়েছিল তাকে।



