বলিউডের ‘মুন্না ভাই’খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজার মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে দর্শনে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন অভিনেতা। তবে এবার শুধু দর্শন নয়, স্ত্রীকে সিঁদুর পরানোর একটি বিশেষ মুহূর্তই নজর কেড়েছে সবার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লালবাগচা রাজার দর্শনে যান সঞ্জয় দত্ত ও মান্যতা। দর্শনের সময় স্ত্রীকে আগলে রাখার পাশাপাশি গণেশের পায়ের কাছ থেকে সিঁদুর নিয়ে মান্যতার কপালে পরিয়ে দেন সঞ্জয়। সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিন সঞ্জয় দত্তের পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের পাঞ্জাবি। অন্যদিকে মান্যতাকে দেখা যায় উজ্জ্বল গোলাপি রঙের সালোয়ার-কামিজে। ঐতিহ্যবাহী সাজে দুজনকেই বেশ মানানসই দেখাচ্ছিল।
লালবাগচা রাজার মণ্ডপে তখন ছিল দর্শনার্থীদের ব্যাপক ভিড়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে মণ্ডপে প্রবেশ করেন সঞ্জয় দত্ত। পুরো সময়জুড়েই তিনি মান্যতার কাছাকাছি ছিলেন এবং ভিড়ের মধ্যে তাকে নিরাপদে রাখার চেষ্টা করেন। দর্শনের সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তাদের এই বিশেষ মুহূর্ত।
লালবাগচা রাজার দর্শন শেষে সঞ্জয় দত্ত জানান, প্রতি বছর এখানে আসার ইচ্ছা রয়েছে তার। আবারও লালবাগচা রাজার দর্শন করতে পারাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় বলেও উল্লেখ করেন অভিনেতা।
সঞ্জয় দত্তের ভাষায়, গণেশ তাকে ডেকেছেন বলেই তিনি এখানে আসতে পেরেছেন। পাশাপাশি প্রতি বছর যেন লালবাগচা রাজার দর্শনে আসতে পারেন, সেই প্রার্থনাও করেন তিনি।
স্ত্রীর প্রতি ভালোবাসা ও যত্নের পাশাপাশি ধর্মীয় আবহে সঞ্জয়-মান্যতার এই বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।



