ফিলিস্তিনিদের জন্য অতিরিক্ত ১৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে নরওয়ে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬০ কোটি ২৮ লাখ টাকা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের মাধ্যমে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এই অর্থ সহায়তা দেওয়া হবে। সহায়তার একটি অংশ ফিলিস্তিনি সরকারি খাতের বাজেটেও দেওয়া হবে।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্ত এইডে এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের সমালোচনা করেন তিনি।
এসপেন বার্ত এইডে বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো অবৈধ।
২০২৪ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় নরওয়ে। বর্তমানে ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক দাতা দেশগুলোর সমন্বয়কারী গোষ্ঠীর নেতৃত্বও দিচ্ছে দেশটি।
নরওয়ের নতুন এই অর্থসহায়তা ফিলিস্তিনিদের মানবিক ও প্রাতিষ্ঠানিক সহায়তায় আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেওয়া হচ্ছে।



