আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মানবাধিকার রক্ষা তো হয়নি, বরং মানবাধিকার লঙ্ঘনই ঘটেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে যেতে চায়। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় জনগণের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।
শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার ইনানীর বেওয়াচ হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০০৯ সংশোধন বিষয়ে আয়োজিত পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মশালার আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি।
ড. নজরুল বলেন, সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করতে চায়, যাতে কমিশন গুম-খুনসহ যেকোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে পারে। আওয়ামী লীগ আমলের ১৫ বছরে একটি শক্তিশালী মানবাধিকার কমিশন না থাকার ফলাফল জাতি প্রত্যক্ষ করেছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় বিশেষ অতিথি শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গত ১৫ বছরে গুম, খুন ও আয়নাঘরের মতো ভয়াবহ অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে নতুন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, অতীতে মানবাধিকার কমিশনকে রাজনৈতিক বিবেচনায় ব্যবহার করা হয়েছিল এবং কমিশনের ভূমিকা ছিল ন্যাক্কারজনক।
তিনি জোর দিয়ে বলেন, নতুন কমিশনকে অবশ্যই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো গুরুতর অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা দিতে হবে। একইসঙ্গে এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে কমিশনকে শক্তিশালী করা হবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। বক্তব্য দেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটু সিগফ্রিড রেংগলি, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস এবং জোরপূর্বক গুম বিষয়ক অনুসন্ধান কমিশনের চেয়ারম্যান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সভায় জানানো হয়, ২০০৯ সালের আইন রহিত করে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ প্রণয়নের খসড়া প্রস্তুত করা হয়েছে। এতে কমিশনকে সরকারি প্রতিষ্ঠান ও চাকরিজীবীদের বিরুদ্ধেও স্বাধীনভাবে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে। পাশাপাশি গুম ও খুন প্রতিরোধে আলাদা আইন প্রণয়নের প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতাবলে অধ্যাদেশ জারি হলে বর্তমান সরকারের আমলেই তা কার্যকর করা হবে।



