শেখ হাসিনার মামলার রায় ঘোষণার প্রেক্ষাপটে মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) ভোরে ডাসার উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুকের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মহাসড়কে জড়ো হন। এরপর সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলা ও টায়ার জ্বালিয়ে অবরোধ চালান তারা। ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুমকিও দেন তারা।
হঠাৎ মহাসড়ক বন্ধ হয়ে পড়ায় যাত্রী ও চালকদের তীব্র ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছ অপসারণে কাজ শুরু করে।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, “একদল দুর্বৃত্ত মহাসড়ক অবরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে কাজ চলছে।”



