বরগুনার আমতলীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারী ও তার ১৬ বছর বয়সী ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রির মূলহোতা পরিবারের প্রধান বাইজিদ হাওলাদার পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতার দুজন হলেন বাইজিদ হাওলাদারের স্ত্রী শাহানুর বেগম (৩৫) ও ছেলে সানাউল্লাহ (১৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, চরকগাছিয়া গ্রামের বাইজিদ হাওলাদারের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা হয়ে আসছে—এমন তথ্যের ভিত্তিতে এসআই তানজিল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় শাহানুর বেগম ও তার ছেলে সানাউল্লাহকে গ্রেফতার করা হয়। তবে বাইজিদ হাওলাদার পালিয়ে যান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



