নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। মিষ্টি হাসি, অভিনয় দক্ষতা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে ক্যারিয়ারের শুরুতেই দর্শকের মনে জায়গা করে নেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও দর্শকের কাছে তার জনপ্রিয়তা এখনো অটুট। বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়তে সক্ষম হন তিনি।
ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং স্পট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পপির সঙ্গে তার মাকে দেখা যেত। তবে সাম্প্রতিক সময়ে মায়ের সঙ্গে তার দূরত্বের বিষয়টি সামনে এসেছে। পপির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে অভিযোগও করেছেন তার মা।
এর মধ্যেই নিজের পারিবারিক সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, যাকে এতদিন মা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, তিনি তার সৎমা। গণমাধ্যমে তাকে ‘সৎমা’ হিসেবেই উল্লেখ করেছেন পপি।
আবেগাপ্লুত কণ্ঠে পপি বলেন, ‘৩০ বছর কষ্ট করেছি। কখনও আমার কষ্ট তারা উপলব্ধি করেনি। আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে। তাদের চাহিদার শেষ ছিল না। যত পেয়েছে, ততই চাহিদা বাড়ত।’
নিজের জীবনে সৎমায়ের সংসার থেকে পাওয়া আঘাতের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘সৎমার সংসার থেকে যে পরিমাণে আঘাত পেয়েছি, সেই ধকল এখনো কাটিয়ে উঠতে পারিনি।’



