রাজধানীর মহাখালীতে একটি পুরনো চারতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরনো ভবনের পাশে একটি চারতলা ভবনে আগুন লাগার খবর পান তারা।
তিনি জানান, ওই ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের বিভিন্ন মালামাল রাখা ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন লাগার পর ভবনটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে, যা আশপাশের এলাকা এবং দূর থেকেও দেখা যায়।
খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।



