ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও সহযোগী সংগঠনগুলোর ডাকা যন্তর মন্তর অভিযান ঘিরে টানা দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লি। রোববার বিভিন্ন স্থান থেকে যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের বাধা, আটক ও ধস্তাধস্তির ঘটনায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক না করার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ নির্বিচারে ধরপাকড় চালিয়েছে। তবে আদালতের নির্দেশে বিক্ষোভ নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ প্রত্যাহার, সড়কের ব্যারিকেড সরানো এবং ইন্টারনেট পরিষেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার সকালে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সহ-আহ্বায়ক সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর দলের নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
‘পিছু হটছি না’, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
রোববার দুপুরে সংবাদ সম্মেলনে সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, জাতীয় রাজধানীতে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি পুলিশের আচরণ, সরকারের বলপ্রয়োগ এবং ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
সৌরভ দাস বলেন, ১০ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের সময় আন্দোলনকারীদের ওপর ব্যবস্থা নেওয়া হলেও জবাবদিহির দাবি থেকে সরে আসবে না তাঁদের সংগঠন।
তিনি বলেন, ‘আমরা পিছু হটছি না। আমরা পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসছি।’
এক বিবৃতিতে সৌরভ দাস নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার প্রয়োগকারী নাগরিকদের ওপর বলপ্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন। তাঁর দাবি, সরকারের টিকে থাকার ক্ষেত্রে জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মুক্তির পর জানান, দাদির মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়াতে তিনি গ্রামে ফিরে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, সিজেপি কোনোভাবেই পিছু হটবে না বা ভয় পাবে না। ১০ অক্টোবরকে তিনি ‘এই স্বৈরতন্ত্রের পতনের সূচনা’ হিসেবেও উল্লেখ করেন।
এদিকে জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দেশের শান্তি বিঘ্নিত করার অভিযোগ তুলে সমালোচনা করেন।
কনট প্লেসে শিক্ষার্থী আটক, লাঠিচার্জের অভিযোগ
রোববার দুপুরে যন্তর মন্তরের দিকে যাওয়ার পথে দিল্লির কনট প্লেস এলাকায় আইসা, এসএফআই ও অন্যান্য বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের আটক করে পুলিশ। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগও উঠেছে।
ছাত্রনেত্রী নেহা বোরাকে কনট প্লেস এলাকায় মিছিল করে যাওয়ার পর ‘এইচ ব্লক’-এর দিকে দৌড়ে যাওয়ার সময় আটক করা হয়। বিকেল ৩টার দিকে ওই এলাকা থেকে তাঁকে পুলিশ ভ্যানে তোলা হয়। সিপিআইএমের সাংসদ ব্রিটাসকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া অন্তত ১০০ বিক্ষোভকারীকে দুটি বাসে গাদাগাদি করে তুলে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। আরকে আশ্রম মেট্রোস্টেশনের কাছে অন্তত চার সাংবাদিককেও কিছু সময়ের জন্য আটক রাখা হয়েছিল। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সিজেপি টানা দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর মধ্য দিল্লিতে নিরাপত্তা জোরদার করে পুলিশ। যন্তর মন্তর এলাকা ঘিরে রাখা হয়। রাজধানীর বিভিন্ন প্রবেশপথে ব্যারিকেড বসানোর পাশাপাশি ৩০টি স্থানে যানবাহন চলাচল অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়।
সকাল থেকেই পুলিশকে সক্রিয় থাকতে দেখা যায়। একসঙ্গে চার-পাঁচজনকে দেখলেই আটক করার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
পার্লামেন্ট স্ট্রিটের সঙ্গে সংযোগকারী অশোক রোড, টলস্টয় রোড ও জনপথ বন্ধ রাখা হয়। পরিচয়পত্র ছাড়া এসব সড়কে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানা গেছে।
এক বছরের জন্য শান্তিভঙ্গ না করার শর্তে মুক্তি
রোববার সকালে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে নির্দিষ্ট শর্তে মুক্তি দেওয়া হয়। সিজেপির প্রধান আইনজীবী রত্না সিং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের মুক্তির নির্দেশ দিয়েছেন।
আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির শর্ত হিসেবে তিন নেতাকে এক বছরের জন্য শান্তিভঙ্গ না করার অঙ্গীকার করতে হয়েছে।
এদিকে শনিবার রাতে মুক্তি পাওয়ার পর জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি অভিযোগ করেন, যেভাবে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তা সাধারণ গ্রেপ্তার বা আটকের ঘটনা হিসেবে বর্ণনা করা যায় না; তাঁর ভাষায়, সেটি ছিল ‘কিডন্যাপ’। তিনি জার্মান নাগরিক নন, বরং ভারতের নাগরিক—এমন দাবির পক্ষে নিজের ভারতীয় পাসপোর্টও প্রকাশ্যে আনেন।
বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি পুলিশ ২০টিরও বেশি মামলা করেছে। পুলিশের ওপর হামলা এবং নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে এসব মামলা করা হয়েছে বলে জানা গেছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে ব্যারিকেড ও বিধিনিষেধ প্রত্যাহারের নির্দেশ
সিজেপি ও সহযোগী সংগঠনগুলোর আন্দোলনের প্রথম দিন শনিবার বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বেআইনিভাবে আটক না করার নির্দেশও দিয়েছেন আদালত।
বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে শুনানিতে আদালত রাজধানীতে অবাধ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজন হলেই কেবল বিধিনিষেধ আরোপ করা যাবে বলে জানান বিচারপতিরা।
আদালতের নির্দেশ অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে একান্ত জরুরি না হলে ব্যারিকেড সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে আইন অনুযায়ী ইন্টারনেট পরিষেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও রোববার বিক্ষোভকারীদের আটক ও পুলিশের বাধা দেওয়ার অভিযোগ ওঠায় পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
সোমবার বিক্ষোভে নামছে ‘ইন্ডিয়া’ জোট
এদিকে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’ সোমবার পৃথক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। জোটের শীর্ষ নেতারা সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা করবেন বলে জানা গেছে।
নেতারা ‘এসআইআর’ প্রক্রিয়া ও নির্বাচন কমিশন-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের কাছে আবেদন জানাবেন। ফলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলনের পাশাপাশি নির্বাচন কমিশনের কার্যক্রম ও সংশ্লিষ্ট আইনি বিষয় নিয়ে বিরোধীদের প্রতিবাদও নতুন মাত্রা পেতে পারে।



