মধ্যপ্রাচ্যে আটকে থাকা নাগরিকদের সহায়তার জন্য অস্ট্রেলিয়া সরকার জরুরি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সম্পদ মোতায়েন করেছে। অনলাইন গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলা থেকে শুরু হওয়া সংঘাত যখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে, তখন সরকার দশ হাজারেরও বেশি অস্ট্রেলীয় নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের সহায়তার জন্য বিভিন্ন জরুরি বিকল্প পরিকল্পনা করছে।
অস্ট্রেলীয়দের দেশে ফিরতে বাণিজ্যিক ফ্লাইট বা অন্যান্য বাণিজ্যিক বিকল্প ব্যবহার করতে উৎসাহিত করা হলেও, প্রতিরক্ষা বিভাগ ‘অপারেশন বিচ’ চালু করেছে। এটি কনস্যুলার সহায়তার প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া উদ্যোগ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার রয়েল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স-এর একটি সি-১৭এ গ্লোবমাস্টার ভারী পরিবহন বিমান এবং কেসি-৩০এ মাল্টি-রোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট বিমান মোতায়েন করা হয়েছে।
অপারেশনাল নিরাপত্তার কারণে সরকার গন্তব্যসহ আরও নির্দিষ্ট তথ্য প্রকাশ করবে না। শুধু সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রায় ২৪,০০০ অস্ট্রেলীয় আটকে রয়েছেন। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার উদ্দেশে কিছু বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হয়েছে।
এদিকে, নিউজিল্যান্ড সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা এই অঞ্চল থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনতে প্রতিরক্ষা বাহিনীর দুটি বিমান পাঠাবে।



