ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে তিনি বলেন, “ইরান লড়াই চালিয়ে যাবে এবং শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামি বিপ্লবকে সমর্থন করে এবং প্রয়োজন হলে তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে।”
খামেনি আরও বলেন, “ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা তাদের দায়িত্ব পালন করবে। ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামি বিপ্লবকে সহায়তা করতে চায়।” তিনি যুক্ত করেন, “ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের পথে বিশ্বাসী হলেও, এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চলবে। শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে এই অভিযান অব্যাহত থাকবে।”
সর্বশেষ তিনি সতর্কবার্তা দেন, “এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত। অন্যথায় হামলা চালানো হবে।” ভাষণের শুরুতে খামেনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “দেশ যখন আক্রমণের শিকার হয়েছিল, তখন সাহসী ইরানি যোদ্ধারা দেশের স্বাধীনতা রক্ষা করেছেন। কঠিন পরিস্থিতিতেও তারা দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, এবং তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”



