মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে মসজিদভিত্তিক তদন্ত পরিচালনার নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবেদীন ফারুকের (নোয়াখালী-২) এক সম্পূরক প্রশ্নের জবাবে, ধর্ম বিষয়ক মন্ত্রীর পক্ষে উত্তর দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রশ্নে জয়নুল আবেদীন ফারুক জানান, তার নির্বাচনি এলাকার সেনবাগ উপজেলা মডেল মসজিদ নির্মাণে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বেড়ে ২১ কোটি টাকায় উন্নীত হয়েছে। তিনি এ ব্যয় বৃদ্ধির কারণ এবং প্রকল্পে কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্তের উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে মসজিদভিত্তিক তদন্ত পরিচালনার অনুরোধ জানানো হবে। তদন্তে একটি মসজিদের নির্মাণ ব্যয় কীভাবে ১৩ কোটি টাকা থেকে ২১ কোটিতে উন্নীত হলো, প্রকল্পের প্রাথমিক ব্যয় কত ছিল এবং মোট কতটি মসজিদ নির্মাণ করা হয়েছে—এসব বিষয় পর্যালোচনা করা হবে।
এ সময় অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও তার নির্বাচনি এলাকার দুর্গাপুর মডেল মসজিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মসজিদটি একটি বড় পুকুরের পেছনে নির্মাণ করা হয়েছে। সেখানে যেতে সেতু পার হতে হয়, ফলে স্থানীয় মুসল্লিদের জন্য মসজিদটি ব্যবহার করা সুবিধাজনক নয়।
ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের অনুপস্থিতিতে তার পক্ষে বক্তব্য দিতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জয়নুল আবেদীন ফারুকের উত্থাপিত বিষয়টি অন্য ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে।
তবে তিনি স্পষ্ট করেন, মডেল মসজিদ প্রকল্পে পদ্মা সেতু প্রকল্পের মতো একই মাত্রার দুর্নীতি হয়েছে—এমন দাবি তিনি করছেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মডেল মসজিদ একটি ইতিবাচক উদ্যোগ। তবে প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে কিনা এবং নির্মাণ ব্যয় কেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
দেশের অর্থনীতি নিয়ে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের প্রস্তুত করা শ্বেতপত্রের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বড় বড় প্রকল্পে প্রাথমিকভাবে উচ্চ ব্যয় নির্ধারণ, বাস্তবায়নের সময়সীমা একাধিকবার বৃদ্ধি এবং পরবর্তীতে প্রকল্প ব্যয় বাড়ানোর প্রবণতা দেখা গেছে। তার মতে, এসব বিষয়ও যথাযথভাবে পর্যালোচনা করা প্রয়োজন।



