বলিউডের আলোচিত অভিনেত্রী ও মডেল রাখি সাওয়ান্ত সম্প্রতি আধ্যাত্মিক সফরে মক্কা গেছেন। পবিত্র এই স্থানে দাঁড়িয়ে নিজের জন্য প্রার্থনার পাশাপাশি দেশ, দেশের মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও দোয়া করেছেন তিনি।
রাখির প্রার্থনায় উঠে এসেছে দেশের নিরাপত্তা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান এবং মানুষের সততার মতো নানা বিষয়। যারা মানুষকে ভুল পথে পরিচালিত করে, তাদের প্রভাব থেকে দেশকে রক্ষা করারও আবেদন জানান তিনি।
তরুণদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করার বিষয়েও নিজের উদ্বেগের কথা জানান অভিনেত্রী। কোনো তরুণ-তরুণী যেন অপমান, হয়রানি কিংবা সামাজিক চাপের শিকার না হন— এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
রাখি বলেন, ‘হে আল্লাহ, আমার দেশকে রক্ষা কর। দেশের মানুষকে ভুল পথে চালিত করা ব্যক্তিদের হাত থেকেও দেশকে রক্ষা কর।’
নতুন প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ এবং পর্যাপ্ত কর্মসংস্থান তৈরির কথাও তার প্রার্থনায় বিশেষভাবে উঠে আসে। একই সঙ্গে দেশের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা যেন সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেন, সেই কামনাও করেন তিনি।
সম্প্রতি একটি কিশোরের আইফোন কেনার আবদারকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে একটি পরিবারের তিন সদস্য আত্মহত্যা করেছেন বলে খবর প্রকাশিত হয়। সেই ঘটনার প্রসঙ্গ টেনে তরুণদের উদ্দেশে রাখি বলেন, দামি কোনো পণ্যের জন্য বাবা-মায়ের ওপর অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়। বরং নিজেদের ভবিষ্যৎ গড়তে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করতে হবে।
তার ভাষায়, আইফোন হোক কিংবা অন্য কোনো চাহিদা— কোনো বস্তু পাওয়ার জন্য যেন সন্তানরা বাবা-মাকে কষ্ট না দেন। নিজেদের উপার্জনের মাধ্যমে নিজের জীবন গড়ে তোলার চেষ্টা করা উচিত।
ধর্মীয় পরিচয় নিয়েও অতীতে কথা বলেছেন রাখি সাওয়ান্ত। তার বক্তব্য অনুযায়ী, তিনি জন্মসূত্রে হিন্দু, পরে খ্রিস্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে ইসলাম ধর্ম অনুসরণ করছেন। তবে একই সঙ্গে সব ধর্মের প্রতিই তার সম্মান রয়েছে বলেও জানিয়েছেন অভিনেত্রী।



