জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ অভিযানে সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে নতুন করে ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায় এসেছে। শনিবার (৩ জানুয়ারি) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাফল্যের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন বিশেষ ক্যাম্পেইন ও জরিপ পরিচালনা করে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে।
এর আগে, ৯ ডিসেম্বর এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ডিসেম্বর মাসের মধ্যে এক লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছিলেন। তবে মাস শেষে সেই লক্ষ্য ছাড়িয়ে অতিরিক্ত ৩১ হাজার প্রতিষ্ঠান নিবন্ধিত হয়।
এনবিআরের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে। অর্থাৎ, এই সরকারের সময়ে নতুন করে প্রায় আড়াই লাখ প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায় এসেছে।
বর্তমানে দেশের মোট রাজস্ব আহরণের প্রায় ৩৮ শতাংশ আসে ভ্যাট থেকে। এনবিআরের মতে, ভ্যাটের আওতা সম্প্রসারণের মাধ্যমেই এই খাতে উল্লেখযোগ্য রাজস্ব প্রবৃদ্ধি অর্জন সম্ভব। এই লক্ষ্য বাস্তবায়নে বিদ্যমান আইন সংশোধন করে বার্ষিক টার্নওভার ৫০ লাখ টাকার বেশি হলে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে, যা আগে ছিল ৩ কোটি টাকা।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এর আগে মন্তব্য করেছিলেন যে, দেশের প্রকৃত ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যার তুলনায় ভ্যাট প্রদানকারীর সংখ্যা এখনো কম। তাই ভ্যাট নেট সম্প্রসারণের পাশাপাশি নিবন্ধন ও রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বর্তমানে ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই রিটার্ন জমা দেওয়া যাচ্ছে। পাশাপাশি স্বয়ংক্রিয় ব্যবস্থায় অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাবে ফেরত পাওয়ার সুবিধাও চালু করা হয়েছে।



