ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পুনর্গঠন ও জরুরি ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ এবং আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা এই জরুরি সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মাসে আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজের দেওয়া সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১১৯ জনে পৌঁছেছে।
সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান দুটি ভূমিকম্পের পর এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩৫০টি আফটারশক অনুভূত হয়েছে। এতে ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভূমিকম্পে ৮৫৬টি ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। ফলে ১৭ হাজার ৯০৭ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্গতদের আশ্রয়ের জন্য ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে ২১ হাজারের বেশি মানুষ অবস্থান করছেন। এছাড়া এক লাখেরও বেশি পরিবারকে খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বর্তমানে ২ হাজার ২৭৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী, প্রায় ৩১ হাজার জরুরি সাড়াদানকারী এবং আরও ৩১ হাজারের বেশি স্থানীয় স্বেচ্ছাসেবক কাজ করছেন। দুর্গতদের জন্য ইতোমধ্যে এক কোটির বেশি খাদ্যসামগ্রী এবং ৩ কোটি ২০ লাখ লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ জানান, আইএমএফের জরুরি তহবিল থেকে পাওয়া ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, ধসে পড়া অবকাঠামো পুনর্নির্মাণ এবং জরুরি জনসেবা পুনরায় চালু করতে ব্যয় করা হবে। সংকটের সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভাকে ধন্যবাদ জানান।
অন্যদিকে ক্রিস্টালিনা জর্জিভা ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে আইএমএফ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে।



