নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতি দেখতে পান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান।
সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময়েও দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা অফিসে উপস্থিত ছিলেন না। এ সময় প্রতিমন্ত্রী প্রায় ৩০ মিনিট অফিসের বারান্দায় অপেক্ষা করেন। এরপরও সংশ্লিষ্ট দায়িত্বশীল কাউকে না পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলে ব্যারিস্টার কায়সার কামাল ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, যারা দায়িত্ব পালনে অবহেলা করবেন এবং জনগণের সেবায় বিঘ্ন সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মাঠ পর্যায়ে এমন উদাসীনতা জনসেবার লক্ষ্যকে ব্যাহত করে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি দপ্তরে অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।



