ভিজিটর ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন অবস্থান করতে পারবেন, তা ভিসার মেয়াদ দেখে নয়—বরং আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হয়।
শনিবার (১১ এপ্রিল) দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, অনেকেই মনে করেন ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে—কিন্তু বিষয়টি এমন নয়। ভিসার মেয়াদ কেবল দেশটিতে প্রবেশের অনুমতির সময়সীমা নির্দেশ করে, অবস্থানের নয়।
দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রে কতদিন থাকার অনুমতি দেওয়া হয়েছে, তা জানতে ভ্রমণকারীদের তাদের I-94 রেকর্ডে উল্লেখিত ‘Admit Until Date’ দেখতে হবে। এই তথ্য অনলাইনে i94.cbp.dhs.gov ওয়েবসাইটে পাওয়া যায়।
সুতরাং, যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসার মেয়াদের পাশাপাশি ইমিগ্রেশন কর্তৃপক্ষ নির্ধারিত অবস্থানের সময়সীমা সম্পর্কে সচেতন থাকা জরুরি।



