ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপ খুব শিগগিরই চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। সোমবার রাতে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চুক্তির অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশ ইতোমধ্যে ঐকমত্যে পৌঁছেছে।
গয়াল বলেন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের ভাষ্য অনুযায়ী, চুক্তির প্রায় ৯৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে কেবল কয়েকটি কারিগরি ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা চলছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক কিছু আইনি পরিবর্তনের প্রভাব চুক্তির চূড়ান্ত খসড়ায় কীভাবে প্রতিফলিত হবে, তা পর্যালোচনা করা হচ্ছে। তবে এসব বিষয় দ্রুত নিষ্পত্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে একটি মার্কিন প্রতিনিধি দল ইতোমধ্যে ভারতে পৌঁছেছে। গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানান, দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে এগিয়ে যাচ্ছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে ভারত ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য কাঠামোতে সম্মত হওয়ার ঘোষণা দেয়। দীর্ঘদিনের বাণিজ্যিক বিরোধ নিরসন এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই ছিল ওই উদ্যোগের মূল লক্ষ্য।
তবে গত বছর রাশিয়া থেকে তেল আমদানিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে কিছুটা উত্তেজনা তৈরি হয়।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি জানান, জ্বালানি, প্রযুক্তি ও কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে আগামী পাঁচ বছরে ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৪৯ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরে।



