পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় ভারতে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩ রুপি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার (১৫ মে) থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
নতুন মূল্য অনুযায়ী, ভারতের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৪ রুপি ৭৭ পয়সা থেকে বেড়ে ৯৭ রুপি ৭৭ পয়সায় পৌঁছেছে। একইভাবে ডিজেলের দাম ৮৭ রুপি ৬৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ৯০ রুপি ৬৭ পয়সা।
দেশটির অন্যান্য বড় শহরেও জ্বালানির দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ১০৮ রুপি ৭৪ পয়সা, মুম্বাইয়ে ১০৬ রুপি ৬৮ পয়সা এবং চেন্নাইয়ে ১০৩ রুপি ৬৭ পয়সা। বিভিন্ন শহরে পেট্রোলের দাম ২ রুপি ৮৩ পয়সা থেকে ৩ রুপি ২৯ পয়সা পর্যন্ত বেড়েছে।
ডিজেলের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। কলকাতায় ডিজেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৫ রুপি ১৩ পয়সা, মুম্বাইয়ে ৯৩ রুপি ১৪ পয়সা এবং চেন্নাইয়ে ৯৫ রুপি ২৫ পয়সা।
এদিকে দিল্লিতে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) এর দামও কেজিপ্রতি ২ রুপি বাড়ানো হয়েছে। আগে যেখানে প্রতি কেজির দাম ছিল ৮৫ রুপি, এখন তা বেড়ে হয়েছে ৮৭ রুপি।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও এতদিন খুচরা পর্যায়ে বড় ধরনের মূল্যবৃদ্ধি থেকে বিরত ছিল ভারত। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সর্বশেষ এই ৩ রুপি মূল্যবৃদ্ধিও পশ্চিম এশিয়ার সংঘাতজনিত বাড়তি চাপ পুরোপুরি সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়।
রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো টানা প্রায় ১১ সপ্তাহ অতিরিক্ত ব্যয় বহন করেও খুচরা জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছিল। কিন্তু লোকসান বাড়তে থাকায় শেষ পর্যন্ত তাদের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে।
ভারতে সর্বশেষ বড় পরিসরে জ্বালানির দাম পরিবর্তন করা হয়েছিল ২০২২ সালের এপ্রিলে। এরপর শুধুমাত্র ২০২৪ সালের মার্চে লোকসভা নির্বাচনের আগে লিটারপ্রতি ২ রুপি কমানো হয়েছিল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হলে ২০২২ সালের এপ্রিল থেকে দেশটির রাষ্ট্রায়ত্ত তিন তেল কোম্পানি দৈনিক জ্বালানি মূল্য সমন্বয় কার্যক্রম বন্ধ রাখে। পরে আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমায় তারা আংশিকভাবে ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হয়।
তবে পশ্চিম এশিয়ার নতুন সংঘাত আবারও বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। ফেব্রুয়ারিতে যেখানে ভারতের আমদানি করা অপরিশোধিত তেলের গড় মূল্য ছিল ব্যারেলপ্রতি প্রায় ৬৯ ডলার, বর্তমানে তা বেড়ে ১১৩ থেকে ১১৪ ডলারে পৌঁছেছে।



