tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র

ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বাণিজ্যিক অংশীদারদের তালিকায় বড় পরিবর্তন এসেছে। ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। বিপরীতে ভারতের সঙ্গে মোট বাণিজ্য হয়েছে ১০ দশমিক ৭২ বিলিয়ন ডলার।

দুই দেশের বাণিজ্যের এই ব্যবধানের ফলে বাংলাদেশে বাণিজ্য অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র এখন দ্বিতীয় স্থানে। বরাবরের মতো শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন।

মূলত যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়াই এই পরিবর্তনের প্রধান কারণ। এক বছরের ব্যবধানে দেশটি থেকে আমদানি প্রায় ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

মার্কিন শুল্কনীতির প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য ও জ্বালানি আমদানি বাড়ানোর কৌশল নেয় বাংলাদেশ। এর ফলে গম, সয়াবিন বীজ, তুলা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এর পাশাপাশি মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি বিমান কেনার সিদ্ধান্তও দুই দেশের মোট বাণিজ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যে কিছুটা শ্লথগতি দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে বিভিন্ন নিয়মকানুন ও পাল্টাপাল্টি বাণিজ্যিক পদক্ষেপের প্রভাব পড়েছে আমদানি-রপ্তানিতে।

বাংলাদেশ স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত কলকাতা বিমানবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে পাঠানোর ক্ষেত্রে যে বিশেষ সুবিধা দেওয়া হতো, তা প্রত্যাহার করে নেয়।

ফলে দুই প্রতিবেশী দেশের বাণিজ্যিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে। এর বিপরীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ আরও বিস্তৃত হয়েছে।

সব মিলিয়ে গত অর্থবছরের বাণিজ্য পরিসংখ্যান বলছে, বাংলাদেশের বাণিজ্য অংশীদারদের অবস্থানে ভারতের জায়গা এখন যুক্তরাষ্ট্র দখল করেছে। তবে সামগ্রিক বাণিজ্যের দিক থেকে চীন এখনো বাংলাদেশের প্রধান বাণিজ্য অংশীদার।

সূত্র: ফার্স্টপোস্ট।