ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে মাদকবিরোধী পুলিশের অভিযানে ৬৪ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) পরিচালিত এই অভিযানে নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্যও রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, মাদক চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, ‘অপারেশন কনটেইনমেন্ট’ নামে মাদক চোরাচালান ও সংগঠিত অপরাধবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এতে কুখ্যাত অপরাধচক্র ‘কমান্ডো ভেরমেলহো’ (রেড কমান্ড)-এর সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়। প্রায় ২,৫০০ পুলিশ সদস্য সাঁজোয়া যান ও হেলিকপ্টারসহ অভিযানে অংশ নেন। মূলত রিওর আলেমাও ও পেনা ফাভেলা বস্তি এলাকায় অভিযানটি পরিচালিত হয়, যেখানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রিওর গভর্নর ক্লাউদিও কাস্ত্রো এক ভিডিও বিবৃতিতে জানান, অভিযানে প্রায় ৬০ জন অপরাধী নিহত হয়েছেন। এটি ছিল একটি বৃহৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী অভিযান, যেখানে ২৫০টিরও বেশি গ্রেফতার ও তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয়েছে। তার মতে, অভিযানের মূল লক্ষ্য ছিল রেড কমান্ডের বিস্তার রোধ এবং রিও ও পার্শ্ববর্তী রাজ্যগুলোর অপরাধী নেতাদের আটক করা।
তবে এই অভিযানে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। রিওর উত্তরাঞ্চলে সংঘটিত এ অভিযানটি স্থানীয় ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী পুলিশ অভিযানের একটি বলে বিবেচিত হচ্ছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কিছু পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন।
মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, এ ধরনের অভিযান প্রায়ই ভয়াবহ প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে। শুধু ২০২৪ সালেই রিওতে পুলিশের অভিযানে প্রায় ৭০০ জন নিহত হয়েছেন।



