কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখালেখি এখন দৈনন্দিন কাজের অংশ হয়ে উঠেছে। তবে এআইয়ের তৈরি লেখায় অনেক সময় এমন শব্দচয়ন, বাক্যগঠন ও লেখার ভঙ্গি দেখা যায়, যা সহজেই মানুষের লেখা থেকে আলাদা করা সম্ভব। কৃত্রিম ও একঘেয়ে ধরনের এআইনির্ভর লেখাকে অনেকেই ‘এআই স্লপ’ বলে থাকেন। এ পরিস্থিতিতে ব্যবহারকারীর নিজস্ব লেখার ধরন অনুসরণ করে আরও স্বাভাবিক লেখা তৈরির সুবিধা নিয়ে এসেছে ওপেনএআই।
ওপেনএআই জানিয়েছে, নতুন ‘রাইটিং স্টাইল’ সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর আগের লেখাগুলো বিশ্লেষণ করে তার লেখার ধরন অনুসরণ করে নতুন কনটেন্ট তৈরি করতে পারবে। তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীকে চ্যাটজিপিটির সঙ্গে নিজের ই-মেইল, বার্তা ও অন্যান্য লেখার প্ল্যাটফর্ম যুক্ত করার অনুমতি দিতে হবে।
প্রাথমিকভাবে সুবিধাটি চ্যাটজিপিটি ওয়ার্ক নামের এআই এজেন্ট টুলের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। ওয়েবে চ্যাটজিপিটি ওয়ার্ক ব্যবহারের সুযোগ রয়েছে—এমন সাবস্ক্রিপশন প্ল্যানের ব্যবহারকারীরা সেটিংসের ‘পারসোনালাইজেশন’ বিভাগ থেকে এ সুবিধা চালু করতে পারবেন।
ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, ‘রাইটিং স্টাইল’ সক্রিয় করার পর চ্যাটজিপিটি ব্যবহারকারীর লেখার বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করবে এবং পরবর্তী সময়ে তৈরি করা লেখায় সেগুলো অনুসরণ করবে। এর মধ্যে থাকতে পারে পছন্দের শব্দ ও বাক্যাংশ, লেখার শেষে ব্যবহৃত নির্দিষ্ট সাইন, বড় হাতের অক্ষর ব্যবহারের ধরনসহ বিভিন্ন ছোটখাটো অভ্যাস।
এ ছাড়া ব্যবহারকারীর বাক্য সাজানোর ধরন, লেখার স্বর, যতিচিহ্ন ব্যবহারের অভ্যাস এবং নির্দিষ্ট শব্দচয়নও নতুন লেখায় প্রতিফলিত হতে পারে। ফলে চ্যাটজিপিটির তৈরি ই-মেইল, বার্তা বা নথি ব্যবহারকারীর নিজস্ব লেখার ধরন অনুসরণ করে তৈরি করা সম্ভব হবে।
নতুন সুবিধাটি ব্যবহার করতে চ্যাটজিপিটি ওয়ার্ককে ব্যবহারকারীর জিমেইল, গুগল ড্রাইভ, স্ল্যাক ও শেয়ারপয়েন্টের মতো সেবাগুলো ব্যবহারের অনুমতি দিতে হবে।
ব্যবহারকারীর লেখার ধরন অনুসরণ করে এআই দিয়ে কনটেন্ট তৈরির উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। এর আগে অ্যানথ্রপিক তাদের এআই চ্যাটবট ক্লডে ‘স্টাইলস’ সুবিধা চালু করেছে। এ সুবিধায় ব্যবহারকারীরা নিজেদের লেখা আপলোড বা পেস্ট করে যোগাযোগের ধরন অনুযায়ী কাস্টম স্টাইল তৈরি করতে পারেন।
সূত্র: ইন্ডিয়া টুডে



