বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে লুটপাট করেছে। এখন আবার “চব্বিশের চেতনা”র কথা বলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সেলিমা রহমান বলেন, স্বৈরাচারের পতন ঘটলেও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এখনো শেষ হয়নি। বিএনপি আগামী নির্বাচনের জন্য প্রস্তুত এবং কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, পিআর পদ্ধতির নামে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, যেখানে ভোট দিয়ে তারা বুঝতেই পারবে না কাকে নির্বাচিত করছে। কিন্তু জনগণ তাদের প্রকৃত নেতা নির্বাচিত করতে চায়। বিএনপি লড়বে ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য।
আলোচনা সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সভা সঞ্চালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহবুব আলম মামুন, সিরাজুল ইসলাম, ইশা খান এবং জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লা।



