ভূরাজনৈতিক নানা প্রতিকূলতার মুখে চীন ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেইজিংয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত বৈঠকে শি জিনপিং বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও বহুস্তরপূর্ণ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বৈশ্বিক অর্থনীতির বড় শক্তি হিসেবে চীন ও যুক্তরাজ্যের সংলাপ ও সহযোগিতা জোরদার করা প্রয়োজন।
বৃহস্পতিবার বেইজিংয়ে বৈঠকের সময় দুই দেশের নেতাই ভূরাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
২০১৮ সালের পর এটিই কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নীতির অনিশ্চয়তার প্রেক্ষাপটে পশ্চিমা বহু নেতা বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন, তারই অংশ হিসেবে স্টারমারের এই সফর।
গ্রেট হল অব দ্য পিপলের জমকালো পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে স্টারমার শি জিনপিংকে বলেন, চীন ‘বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়’।
স্টারমার বলেন, এমন একটি পরিণত সম্পর্ক গড়ে তোলা জরুরি, যেখানে আমরা সহযোগিতার সুযোগগুলো চিহ্নিত করব, আবার যেসব বিষয়ে আমাদের মতভেদ আছে, সেগুলো নিয়েও অর্থবহ সংলাপ চালিয়ে যেতে পারবো।
শি জিনপিংও ‘জটিল’ আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পর্ক আরও দৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা হোক কিংবা দুই দেশের অর্থনীতি ও জনগণের জীবনমান উন্নয়ন- সব ক্ষেত্রেই চীন ও যুক্তরাজ্যের সংলাপ ও সহযোগিতা জোরদার করা দরকার।
শি জিনপিং আরও বলেন, এগিয়ে যেতে হলে কিছু চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে, তবে সহযোগিতাই দুই দেশের সম্পর্কের জন্য একটি ‘নতুন অধ্যায়’ উন্মোচন করবে।
তিনি বলেন, ভালো কিছুর সঙ্গেই অনেক সময় কঠিন চ্যালেঞ্জ থাকে। নেতৃত্ব সেই চ্যালেঞ্জ এড়িয়ে যাবে না, বরং সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাবে।
শি জিনপিং আরও যোগ করেন, আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা অবশ্যই অগ্রণী ভূমিকা নেবে এবং চীন-যুক্তরাজ্য সম্পর্ক ও সহযোগিতার এক নতুন অধ্যায় সূচনা করবে।



