ষ্টির কারণে সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা আর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী, আজ রোববার (১২ জুলাই) বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
রোববার সকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ সিদ্ধান্তের সঙ্গে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরও সম্মতি রয়েছে।
এর আগে তার জানাজা তিন দফায় আয়োজনের পরিকল্পনা ছিল। প্রথম জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে, দ্বিতীয়টি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং শেষ জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জানাজা বাতিল করা হয়েছে।
এদিকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম দিনের দ্বিতীয়ার্ধে (আধাবেলা) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আপিল বিভাগের চেম্বার জজ আদালতের কার্যক্রমও আজ বন্ধ থাকবে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার ভোররাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক ও সাংবিধানিক জীবনে তিনি দুই দফায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার এবং দুইবার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। আইন ও রাজনীতিতে তার অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।



