বিশ্বের সেরা ৫০ রেস্তোরাঁর ২০২৬ সালের তালিকার বর্ধিত সংস্করণে জায়গা করে নিয়েছে ইউরোপের ১১টি দেশের ২০টি রেস্তোরাঁ।
ছয় মহাদেশের ৩৬টি শহরের রেস্তোরাঁ নিয়ে তৈরি এই তালিকার মূল পর্ব প্রকাশ করা হবে আগামী ৪ নভেম্বর, পেরুর রাজধানী লিমায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে।
ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য ওয়ার্ল্ডস ৫০ বেস্ট রেস্টুরেন্টস ২০২৬’-এর বর্ধিত তালিকায় ৫১ থেকে ১০০ নম্বরে থাকা রেস্তোরাঁগুলোর নাম প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক শেফ, খাদ্যবিষয়ক লেখক ও রন্ধন বিশেষজ্ঞসহ ১ হাজার ১০০ জনের বেশি বিশেষজ্ঞের ভোটে নির্বাচিত হয়েছে রেস্তোরাঁগুলো।
মহাদেশভিত্তিক হিসাবে তালিকায় সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে ইউরোপের। এ মহাদেশের ২০টি রেস্তোরাঁর পাশাপাশি এশিয়ার ১৭টি, উত্তর আমেরিকার ছয়টি, দক্ষিণ আমেরিকার তিনটি, আফ্রিকার দুটি এবং মধ্যপ্রাচ্যের দুটি রেস্তোরাঁ স্থান পেয়েছে।
ইউরোপের রেস্তোরাঁগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ইতালির সেনিগালিয়ায় অবস্থিত উলিয়াসি। তালিকার ৫১তম অবস্থানে রয়েছে রেস্তোরাঁটি।
ইউরোপের দেশগুলোর মধ্যে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও স্পেন থেকে সর্বোচ্চ তিনটি করে রেস্তোরাঁ তালিকায় জায়গা পেয়েছে।
বেলজিয়ামের দ্য জেন রয়েছে ৬৩তম স্থানে। এ ছাড়া উইলেম হিলে ৬৬তম এবং এলিয়ানে ৮৬তম অবস্থানে রয়েছে।
ফ্রান্সের প্যারিসের আরপেজ ৬৭তম ও সেপ্টিম ৮১তম স্থানে রয়েছে। অন্যদিকে, সাঁ-ভ্রাঁ এলাকার লে দোয়েনি রয়েছে তালিকার ৮৪তম অবস্থানে।
জার্মানির তিনটি রেস্তোরাঁই রাজধানী বার্লিনে অবস্থিত। এগুলো হলো নোবেলহার্ট অ্যান্ড শমুটসিগ, যার অবস্থান ৭৬তম; কোডা, ৮২তম; এবং টিম রাউয়ে, ৮৫তম।
স্পেনের কোসিনা এরমানোস তোরেস ৬৯তম স্থানে রয়েছে। দেশটির তিসপা ৮০তম এবং আপনিয়েন্তে তালিকার ১০০তম অবস্থানে জায়গা পেয়েছে।
বর্ধিত তালিকায় স্থান পাওয়া রেস্তোরাঁগুলোর অবস্থান আগামী ৪ নভেম্বর প্রকাশিতব্য মূল তালিকায় আন্তর্জাতিক খাদ্যাঙ্গনের প্রতিযোগিতা ও বৈচিত্র্যের একটি আগাম চিত্র তুলে ধরছে।



