ফিফা বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না—এ নিয়ে গত কয়েক মাস ধরেই ফুটবল দুনিয়ায় জোর আলোচনা চলছিল। অবশেষে আর্জেন্টিনার প্রাথমিক বিশ্বকাপ দলে তার নাম ঘোষণার পর স্বস্তি ফিরেছে ভক্তদের মাঝে।
সোমবার আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন। সেখানে জায়গা পেয়েছেন ৩৮ বছর বয়সী মেসি। তবে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি যে এবারের বিশ্বকাপে মাঠে নামবেন কি না।
শিরোপাধারী আর্জেন্টিনার ১৬ জন ফরোয়ার্ডের তালিকায় রয়েছেন মেসি। একই সঙ্গে দলে রাখা হয়েছে তরুণ ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকেও। যদিও ছয় ম্যাচের নিষেধাজ্ঞার কারণে তার প্রথম দুই গ্রুপ ম্যাচ মিস করার সম্ভাবনা রয়েছে।
আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি গত কয়েক মাসে একাধিকবার ইঙ্গিত দিয়েছেন, আন্তর্জাতিক ফুটবলে তার সময় হয়তো শেষের পথে।
গত জুনে ইন্টার মিয়ামি সিএফ-এর হয়ে এক ম্যাচ শেষে তিনি বলেছিলেন, “আমি বুঝতে পারছি, ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে এটাই হয়তো আমার শেষ সময়। তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।”
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে খেললেও চোটের কারণে সাম্প্রতিক কয়েকটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন মেসি।
তবে প্রাথমিক স্কোয়াডে তার অন্তর্ভুক্তি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, শিরোপা ধরে রাখার মিশনে এখনো মেসির ওপরই আস্থা রাখছে আর্জেন্টিনা।



