বিশ্বকাপের মঞ্চে শুধু মাঠের লড়াই নয়, গ্যালারিতেও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে আর্জেন্টিনা সরকার। সন্তানদের ভরণপোষণ না দেওয়া এবং বিভিন্ন আইনি অপরাধে জড়িত হাজারো ব্যক্তিকে স্টেডিয়ামে প্রবেশে বাধা দিতে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে দেশটি। এ উদ্দেশ্যে প্রায় ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকাও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার। ‘জে’ গ্রুপে লিওনেল স্কালোনির দল প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে। এরপর তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের আচরণ নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে দেশটির সরকার।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে প্রায় ১৩ হাজার ব্যক্তির একটি তালিকা পাঠিয়েছে বুয়েনস আইরেস। তালিকাভুক্তদের অধিকাংশের বিরুদ্ধে সন্তানদের ভরণপোষণ বা ‘চাইল্ড সাপোর্ট’ বকেয়া রাখার অভিযোগ রয়েছে।
আর্জেন্টাইন কর্তৃপক্ষের মতে, যারা নিজেদের সন্তানের আর্থিক দায়িত্ব পালন করেন না, তাদের বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরে অংশ নেওয়ার সুযোগ পাওয়া উচিত নয়।
বুয়েনস আইরেসের মেয়র হোর্হে মাখরি বলেন, “যদি তারা নিজেদের সন্তানদের প্রয়োজন মেটাতে না পারে, তাহলে তাদের কোনো স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।”
এই উদ্যোগের অংশ হিসেবে ‘সেফ স্ট্যান্ডস’ নামে একটি কর্মসূচি পরিচালনা করছে আর্জেন্টিনা সরকার। কর্মসূচিটির লক্ষ্য হলো আদালতে প্রমাণিত ভরণপোষণ বকেয়া কিংবা অন্যান্য গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্রীড়া ভেন্যুতে প্রবেশ ঠেকানো।
সরকারি সূত্র জানিয়েছে, গত কয়েক মাস ধরে এসব ব্যক্তিকে শনাক্ত করতে ব্যাপক কার্যক্রম চালানো হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে তথ্য বিনিময়ের মাধ্যমে বিশ্বকাপ চলাকালে তাদের স্টেডিয়ামে প্রবেশ বন্ধে কাজ করা হচ্ছে।
২০২৩ সালে সম্প্রসারণের পর ‘সেফ স্ট্যান্ডস’ কর্মসূচির আওতায় আর্জেন্টিনায় অনুষ্ঠিত ১ হাজার ৩২৮টি ফুটবল ম্যাচে ৪০ লাখের বেশি দর্শকের তথ্য যাচাই করা হয়েছে। এ সময়ে ১ হাজার ১৬৬ জনের বিরুদ্ধে বিদ্যমান গ্রেপ্তারি পরোয়ানা শনাক্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
তবে শুধু ভরণপোষণ বকেয়া রাখা ব্যক্তিরাই নন, সহিংস অপরাধে জড়িত ব্যক্তিদের নামও নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুররিচ বলেন, “তালিকায় ১৫ হাজারের বেশি মানুষের নাম রয়েছে, যাদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হবে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধ বা সহিংসতার সঙ্গে জড়িত কেউ এই বৈশ্বিক আসরে প্রবেশ করতে পারবে না।”



