দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। শিরোপাধারী আর্জেন্টিনা ইতোমধ্যে তাদের দল ঘোষণা করেছে। তবে বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় দলটির ওপর প্রত্যাশার চাপও অনেক বেশি। তাই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসরকে সামনে রেখে সব ধরনের পরিস্থিতি বিবেচনায় রেখে বিশেষ পরিকল্পনা নিয়েই এগোচ্ছে আলবিসেলেস্তেরা।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে ৩৬ বছরের শিরোপাখরা ঘোচায় আর্জেন্টিনা। সেই সাফল্যের অন্যতম কারিগরদের বেশিরভাগই এবারও দলে রয়েছেন। তবে দীর্ঘ টুর্নামেন্টে চোট-আঘাত কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা মাথায় রেখে চারজন ফুটবলারকে রিজার্ভ তালিকায় রাখা হয়েছে। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, এমিলিয়ানো বুয়েন্দিয়া, সান্তিয়াগো বেলত্রান, নিকোলাস কাপালদো এবং ম্যাক্সিমো পেরোনেকে জরুরি প্রয়োজনে মূল দলে যুক্ত করার জন্য প্রস্তুত রাখা হচ্ছে।
কানসাস সিটিতে এই চার ফুটবলার মূল দলের সদস্যদের সঙ্গে অনুশীলনও করেছেন। আর্জেন্টিনার কোচিং স্টাফ তাদের সবসময় প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত জাতীয় দলে যোগ দিয়ে দায়িত্ব পালন করতে পারেন। একই সঙ্গে তারা হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতিতেও অংশ নেবেন।
রিভার প্লেটের গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রানকে রাখা হয়েছে এমিলিয়ানো মার্তিনেসের সম্ভাব্য বিকল্প হিসেবে। মার্তিনেস এখনও আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। অন্যদিকে নিকোলাস কাপালদোর অন্তর্ভুক্তি অনেকটাই নির্ভর করছে গনজালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনার শারীরিক অবস্থার ওপর। কারণ স্বাভাবিক পরিস্থিতিতে এই দুই ডিফেন্ডারই প্রথম একাদশে থাকার কথা।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার মিশনে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এরপর গ্রুপ পর্বে ২২ জুন অস্ট্রিয়া এবং ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে তারা।
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আকাশি-নীল জার্সিধারীরা। এসব ম্যাচের মাধ্যমেই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।



