জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের মতলব উত্তর সফরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। চাঁদপুরের এ উপজেলায় তাদের আগমন উপলক্ষে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক তর্ক-বিতর্ক।
শুক্রবার (৫ জুন) ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা জোরদারে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেন।
এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্ট নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। আল মামুন আতিক নামে এক ছাত্রদল নেতার ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরের বিরোধিতা করা হয়। অন্য একটি পোস্টে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে প্রতিহতের ঘোষণাও দেন।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মীর পক্ষ থেকেও অনুষ্ঠান প্রতিহতের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপি নারীশক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে ভিন্নমত দমনে হুমকি-ধমকি বা ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। তিনি যুক্তির মোকাবিলা যুক্তি ও বক্তব্যের জবাব বক্তব্যের মাধ্যমে দেওয়ার আহ্বান জানান।
এনসিপি মতলব উত্তর উপজেলা কমিটির সদস্য সচিব ইমাদুল ইসলাম বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে প্রতিরোধের চেষ্টা দেখা গেলেও তারা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সফল করতে প্রস্তুত। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. ইদ্রিস আলী প্রধান বলেন, মতলব উত্তরের মানুষ পরিবর্তনের রাজনীতিতে আস্থা রাখে। অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এনসিপিতে যোগদানে আগ্রহ প্রকাশ করেছেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর বলেও জানান তিনি।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, অনুষ্ঠানকে ঘিরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।



