চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য বার্নার্ড জুলিয়েন। শনিবার (৫ অক্টোবর) উত্তর ত্রিনিদাদে ভ্যালসেইন এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই অলরাউন্ডার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপে জুলিয়েন ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ওই আসরে দুর্দান্ত ফর্মে থাকা এই ক্রিকেটার গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে ৪ উইকেট শিকার করেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে নেন ২৭ রানে ৪ উইকেট। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ২৬ রান, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ছিলেন দারুণ কার্যকর।
জাতীয় দলের হয়ে জুলিয়েন খেলেছেন ২৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচ। তবে শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, ১৯৭০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের কাউন্টি দল কেন্টের হয়ে খেলেও দারুণ খ্যাতি অর্জন করেন তিনি।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড বলেন,
“সে সবসময় নিজের সেরাটা দিয়ে খেলত। ব্যাটে-বলে, যে জায়গায় দরকার, আমি তার উপর ভরসা রাখতে পারতাম। ও ছিল আমাদের দলের এক অমূল্য সম্পদ।”
জুলিয়েনের আরেকটি স্মরণীয় ইনিংস ছিল ১৯৭৩ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে, যেখানে তিনি করেন ১২১ রানের টেস্ট সেঞ্চুরি। পরের বছর একই দলের বিপক্ষে নিয়েছিলেন ৫ উইকেট।
ক্লাইভ লয়েড আরও বলেন,
“সবাই ওকে খুব পছন্দ করত। আমরা যখন লর্ডসে টেস্ট জিতি, তখন সবাই একসঙ্গে দাঁড়িয়ে অটোগ্রাফ দিচ্ছিলাম। ও ছিল আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ এবং সর্বত্র সম্মানিত ছিল।”
তবে ১৯৮২-৮৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে সফর করায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে যান জুলিয়েন, যেখানে তখনও বর্ণবাদের রাষ্ট্রীয় নীতি চলমান ছিল।



