প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম বিবিসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও তিনি জানিয়েছেন, সংস্থাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি। স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আগামী সপ্তাহে আমরা বিবিসির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করব।”
তিনি আরও জানান, এ বিষয়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও কথা বলবেন।
সম্প্রতি বিবিসির একটি প্রামাণ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করা হয়েছিল যাতে মনে হচ্ছিল তিনি সহিংসতার আহ্বান জানাচ্ছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিবিসি ক্ষমা প্রার্থনা করে জানায়— প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য ভুলভাবে কাটা ও সাজানোর জন্য তারা দুঃখিত। সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে একই ব্যাখ্যা দেন এবং জানান, এ প্রামাণ্যচিত্র আর কোনো প্ল্যাটফর্মে প্রচার করা হবে না।
তবে বিবিসি বলছে, “ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছিল তার জন্য আমরা দুঃখিত, কিন্তু মানহানির অভিযোগ তোলার মতো ভিত্তি আছে বলে মনে করি না।”
এই সপ্তাহের শুরুতে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করেছিলেন— বক্তব্য প্রত্যাহার, ক্ষমা ও ক্ষতিপূরণ না দিলে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা করা হবে।
বিতর্কের জেরে গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরাহ টের্নেস পদত্যাগ করেন।
তথ্যসূত্র: বিবিসি



