বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্তও চলছে। তবে ফেরদৌসী আহমেদ মিষ্টি হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের পর স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয় বিএনপির কয়েকজন নেতার ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
এ ঘটনার পর বিএনপির সাংগঠনিক পর্যায়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কমিটি বিলুপ্ত এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।



