tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদরাজনীতিবিএনপিকে আদর্শিক দল হিসেবে দেখতে চায় মানুষ" — আমীর খসরু

বিএনপিকে আদর্শিক দল হিসেবে দেখতে চায় মানুষ” — আমীর খসরু

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ‘জিয়া সুইমিং মিন কার্নিভাল’-এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “মানুষ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়।”

তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভিশন এবং দূরদৃষ্টি ছাড়া রাজনীতি করা যাবে না। পুরনো ধাঁচের রাজনীতির দিন শেষ। জনগণকে উদ্বুদ্ধ করতে হলে নতুন ধারণা নিয়ে আসতে হবে, বিশেষ করে নতুন প্রজন্মকে সঙ্গে নিতে হবে।”

জনমনে পরিবর্তনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “দেশের মানুষের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে। এই পরিবর্তনকে ধারণ না করতে পারলে রাজনীতি সামনে এগোবে না।”

গণতন্ত্রায়নের প্রসঙ্গ তুলে ধরে আমীর খসরু বলেন, “আমরা রাজনীতিতে গণতন্ত্রের কথা বলি, কিন্তু খেলাধুলার ক্ষেত্রেও গণতন্ত্রায়ন প্রয়োজন। দেশের প্রতিটি মানুষ যাতে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে, সে সুযোগ তৈরি করতে হবে।”

তিনি বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেখানে রাজনীতি, অর্থনীতি এবং খেলাধুলা—তিনটি ক্ষেত্রেই গণতন্ত্রায়ন হবে। একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে হবে, যাতে দেশের সব মানুষ উন্নয়নের সুফল পায়। খেলাধুলার ক্ষেত্রেও সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

তারেক রহমানের খেলাধুলার প্রতি আগ্রহের কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, “তারেক রহমান ও তাঁর পরিবারের খেলাধুলার প্রতি আগ্রহ আপনারা সবাই জানেন। আমরা ইতোমধ্যেই সুইমিং, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন শুরু করেছি। এটি কেবল শুরু। তারেক রহমান দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক স্পোর্টস সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।”

তিনি বলেন, “এই কেন্দ্রগুলোতে ক্রিকেট, ফুটবল, সুইমিংসহ বিভিন্ন খেলায় দক্ষ তরুণদের সুযোগ করে দেওয়া হবে। যার যেখানে আগ্রহ ও যোগ্যতা রয়েছে, তাকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।”

খেলাধুলাকে ‘সফট পাওয়ার’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “বিশ্বের অনেক দেশ খেলাধুলার মাধ্যমে নিজেদের পরিচিতি ও ভাবমূর্তি গড়ে তুলেছে। এটি একটি গুরুত্বপূর্ণ কৌশল—যা দিয়ে দেশকে বিশ্বের সামনে তুলে ধরা যায়। এর জন্য সামরিক শক্তি নয়, দরকার কৌশলগত ‘সফট পাওয়ার’। খেলাধুলা সেই শক্তির অন্যতম বাহক। ইনশাআল্লাহ, আমরা সেদিকে এগোবো।”

ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা খেলাধুলা নিয়ে বড় স্বপ্ন দেখতে পারবো। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি গড়ার ক্ষেত্রে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।